জামায়াত নেতাকে গলা টিপে হত্যাচেষ্টার অভিযোগ: বিএনপি প্রার্থীর ছেলেকে তলব
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি উত্তাপের মধ্যে এবার সহিংসতার অভিযোগে আলোচনায় বিএনপি প্রার্থীর পরিবার। জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতার ওপর হামলা ও হত্যাচেষ্টার
অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থীর ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফিকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং সিভিল জজ মো. মেহেদী হাসান।
কমিটির আদেশে বলা হয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে অভিযুক্ত ব্যক্তি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকতে পারেন। এ কারণে আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তাকে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে—কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে না।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করতে।
নির্বাচনি অনুসন্ধান কমিটির মতে, অভিযোগে উত্থাপিত কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং নির্বাচনি আচরণবিধি, ২০২৫-এর একাধিক ধারার পরিপন্থী, যা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার নামোশংকরবাটি এলাকায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি আজিজুল হক নূরের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশীদ ও তার স্ত্রীর উপস্থিতিতে রুবাইয়াত ইবনে হারুন রাফি ওই নেতাকে মারধর করেন এবং গলা টিপে ধরেন।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই রাতেই জামায়াতে ইসলামী জেলা শহরের নতুনহাট মোড়ে বিক্ষোভ মিছিল করে। দলটির নেতাদের দাবি, প্রচার কার্যক্রমে বাধার অজুহাতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় নির্বাচনি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন