রমজানে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার | প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ২৬ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।
সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) বাদ দিয়ে বছরে মোট ছুটি থাকবে ৬৭ দিন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে—
কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শনের কারণে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না
সংবর্ধনা বা পরিদর্শনের জন্য শিক্ষার্থীদের ক্লাস বন্ধ রাখা যাবে না
শিক্ষার্থীদের সম্মান প্রদর্শনের জন্য রাস্তায় দাঁড় করানো নিষিদ্ধ
প্রয়োজন হলে ছুটিকালেও ভর্তি কার্যক্রম ও পরীক্ষা গ্রহণের জন্য বিদ্যালয় খোলা রাখা যাবে
এছাড়া প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি সংশ্লিষ্ট থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে ভোগ করতে হবে।
জাতীয় গুরুত্বপূর্ণ দিবসসমূহ—২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর যথাযথ মর্যাদায় বিদ্যালয়ে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার থেকে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন